দেশজুড়ে

পরকীয়ার জেরে স্ত্রীর গলা কেটে হত্যায় স্বামী গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেত থেকে ৩০০ ফুট দূরে নামাপাড়া এলাকায় পরকীয়ার জেরে এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। এই ঘটনায় অভিযুক্ত খুনি স্বামী আমিনুলকে (৪৪) পুলিশ গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডটি ঘটে গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আমিনুল পেশায় একজন রিকশাচালক। তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রিকশা চালাতেন। তাদের স্থায়ী বাড়ি দিনাজপুর জেলায়। তারা খিলক্ষেত থেকে ৩০০ ফুট দূরে নামাপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।
জানা গেছে, পারিবারিক কলহ এবং স্ত্রীর পরকীয়া নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ছিল। একারণেই গতকাল রাতে তর্কাতর্কির এক পর্যায়ে স্বামী ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে আক্রমণ করেন। খুনি আমিনুল তার স্ত্রীকে পেটে দুইবার ও গলায় দুইবার ছুরিকাঘাত করে। ছুরির আঘাত থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই খিলক্ষেত থানা স্থানীয়দের সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আমিনুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
খিলক্ষেত থানার ওসি (তদন্ত) আশিকুর রহমান আমাদের কে জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত ছুরিটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আমিনুল ঝগড়ার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটানোর কথা স্বীকার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।