দেশজুড়ে

ঝোপ থেকে ‘চশমা সাইদ’-এর গলাকাটা লাশ উদ্ধার

যশোর থেকে সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৪ জুন) সকালে যশোর সদরের আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে তার বাড়ির কাছের একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা এবং মাদকসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির কাছের ঝোপে রক্ত দেখে তাদের সন্দেহ হয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে সাইদ সরদারের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। তার পাশে একটি ধারালো ছুরি পড়ে ছিল। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেন।
এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল জানান, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সৈয়দ বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
তিনি বলেন, কে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে এবং কারণ উদঘাটনে কাজ করছে। ইন্সপেক্টর জানান, নিহতের বাড়ির পাশেই একটি মাদকের আড্ডা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ১২টি মাদকের মামলা রয়েছে।