দেশজুড়ে

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় কলেজ ছাত্র গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সাবিদুল ইসলাম সিয়াম নামে এক কিশোর গ্রেপ্তার হয়েছে।
গতকাল রবিবার (২১ জুন) রাতে আখাউড়া থানা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সদর উপজেলায় তার খালার বাড়ি থেকে সিয়ামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাবিদুল ইসলাম সিয়াম আখাউড়া উপজেলা সীমান্তবর্তী আজমপুর গ্রামের শাহনেওয়াজ মিয়ার ছেলে। সে একাদশ শ্রেণির ছাত্র।
আখাউড়া থানা সূত্রে জানা গেছে, ফেসবুকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্টের অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে শনাক্ত করে। পরে, রবিবার রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে সদর উপজেলার উত্তর জগৎসর এলাকায় তার খালার বাড়িতে অভিযান চালিয়ে সিয়ামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, “ছাত্রদল নেতাদের অভিযোগের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করেছি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সাইবার অপরাধের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি,” ওসি জানান।