আন্তর্জাতিক

সোমালিল্যান্ডের রাষ্ট্রপতি ইসরায়েল সফরে যাচ্ছেন

সোমালিল্যান্ডের রাষ্ট্রপতি আবদিরহমান মোহাম্মদ আব্দুল্লাহি শীঘ্রই ইসরায়েল সফর করতে পারেন। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরা নিউজ। এই সফরটি হলে, এটি হবে রাষ্ট্রপতি শিরোর তেল আবিবে প্রথম সফর। সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত স্ব-ঘোষিত রাষ্ট্র সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হলো ইসরায়েল।
সোমালিল্যান্ডের কূটনীতিক ইসমাইল শিরওয়াক সামাজিক যোগাযোগ মাধ্যমে তেল আবিবে প্রদর্শিত সোমালিল্যান্ড ও ইসরায়েলি পতাকার একটি ছবি শেয়ার করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি আগামী মঙ্গলবার (১৬ জুন) ইসরায়েলে পৌঁছাতে পারেন।
সোমালিল্যান্ড এডেন উপসাগরের তীরে অবস্থিত, যা লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, এই কৌশলগত অবস্থানের কারণে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে, যাতে এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানো যায় এবং ইরান ও তার মিত্রদের মোকাবেলা করা যায়।
বিশেষজ্ঞরা আরও বলছেন যে, ইয়েমেনের বিশাল অংশ নিয়ন্ত্রণকারী হুথিরা বর্তমানে ইসরায়েলের জন্য একটি বড় উদ্বেগের কারণ, কারণ তারা লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তবে, এই সফর প্রসঙ্গে সোমালিল্যান্ডের রাষ্ট্রপতির কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।