যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর কোনো আস্থা নেই: ইরানের স্পিকার
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেছেন, দুই দেশের মধ্যে আস্থা তৈরির মতো কোনো প্রকৃত সদিচ্ছা নেই। তিনি তার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় এই মন্তব্য করেন। গালিবফ দাবি করেন, যুদ্ধবিরতি চুক্তির বারবার লঙ্ঘনের কারণে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তার মতে, বাস্তবে বারবার লঙ্ঘনের কারণে কাগজে-কলমে থাকা যুদ্ধবিরতি চুক্তিটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। টেলিগ্রামে গালিবফ বলেন, ইরান শুধু যুদ্ধ বা শুধু আলোচনার পথ বেছে নেবে না। তিনি বলেন, “আমরা শুধু যুদ্ধও করব না, শুধু কথাও বলব না। আমরা আমাদের নিজেদের সময়ে যুদ্ধ করব এবং নিজেদের সময়ে কথা বলব।”
গালিবফ আরও বলেন, ইরানের লক্ষ্য হলো যুদ্ধের অবসান ঘটানো এবং স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা করা। তবে তিনি এও মন্তব্য করেন যে, তেহরান তার প্রতিপক্ষের ওপর কোনো আস্থা রাখে না। তিনি কথিত মার্কিন নৌ অবরোধের কথা তুলে ধরেন এবং বলেন যে, ইরান এই চাপকে তার প্রতিপক্ষের জন্য একটি কৌশলগত ব্যর্থতায় পরিণত করতে চায়।
তার বিবৃতিতে এটা স্পষ্ট করা হয়েছে যে, পরিস্থিতি অনুযায়ী ইরান একদিকে প্রতিরোধ চালিয়ে যাবে এবং অন্যদিকে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখবে। তবে, তিনি এও ইঙ্গিত দেন যে, বাস্তবায়ন নিশ্চিত না করে শুধু কূটনীতির ওপর নির্ভর করা সম্ভব নয়।
সূত্র: সামা টিভি

