যশোরে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদে নানাকে কুপিয়ে হত্যা
যশোরের মনিরামপুরে নিজের নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমামুল নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার শরামপুর গ্রামে। নিহত ইমামুল ঝিকরগাছা উপজেলার ফরাসাতপুর গ্রামের বাসিন্দা।
আত্মীয়দের অভিযোগ, গত বৃহস্পতিবার (৪ জুন) কিছু স্থানীয় যুবক ইমামুলের নাতনিকে উত্ত্যক্ত করে। এ ঘটনায় তিনি ঝিকরগাছা সদরের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতির কাছে একটি অভিযোগ দায়ের করেন।
গতকাল রাতে এ ঘটনা নিয়ে অভিযুক্তদের সঙ্গে ইমামুলের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে ইমামুলকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

