আন্তর্জাতিক

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩টি দেশে সুনামি সতর্কতা

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে একটি শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউএসজিএস জানিয়েছে, গতকাল রবিবার (৭ জুন) স্থানীয় সময় সকাল ৭:৪০-এর কিছুক্ষণ আগে ভূমিকম্পটি অনুভূত হয়। এই শক্তিশালী ভূমিকম্পের পর এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্রের মতে, ফিলিপাইনের উপকূলীয় এলাকায় ৩ মিটার পর্যন্ত উঁচু সুনামি ঢেউ আঘাত হানতে পারে।
এছাড়াও, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু অংশে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের ঝুঁকি রয়েছে। মার্কিন জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে যে, এই ভূমিকম্পের ফলে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় কোনো বিপদের ঝুঁকি নেই। এদিকে, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানের কর্মকর্তারা সতর্কতা জারি করেছেন এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে যে, সারাঙ্গানি, দাভাও অক্সিডেন্টাল, তাউই-তাউই এবং সুলু সহ নয়টি প্রদেশের উপকূলীয় এলাকার বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা আরও ভেতরের দিকে সরে যাওয়া উচিত।
নৌযানগুলোর জন্য একটি বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, বন্দর, মোহনা বা অগভীর উপকূলীয় এলাকার নৌকার মালিকদের তাদের নৌকাগুলো তীর থেকে দূরে সরিয়ে নিতে হবে। সমুদ্রে থাকা নৌকাগুলোকেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর জলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।