পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আবারও ইরান সফরে যাচ্ছেন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরান সফর করেছেন। তিনি গতকাল শনিবার (৬ জুন) তেহরানে পৌঁছেছেন। সেখানে তিনি ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাকিস্তান বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে।
নাকভি এর আগে গত ১৬ মে তেহরান সফর করেছিলেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে আনাদোলু এই তথ্য জানিয়েছে। তাসনিমের মতে, নাকভি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে, পাকিস্তানি সূত্র আনাদোলুকে জানিয়েছিল যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে কিছু ‘নতুন প্রস্তাব’ নিয়ে আলোচনা করাই এই সফরের মূল উদ্দেশ্য। সূত্রগুলো আরও জানায় যে, নাকভি এমন কিছু প্রস্তাব পেশ করবেন যা দুই পক্ষের মধ্যে আলোচনার অচলাবস্থা ভাঙতে এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অস্থায়ী চুক্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-মার্কিন সংঘাত শুরু হওয়ার পর থেকে পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে, এর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ এবং আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের কারণে পরবর্তীতে আলোচনা আবারও থমকে যায়।

