দেশজুড়ে

২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড

মেহেরপুরে নয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আদালত শাকিল হোসেন (২৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেছেন, মাত্র ২৯ কার্যদিবসে মামলাটির রায় ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (২৪ মে) বিকেলে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাকিল মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আবদাল হকের ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৬ জুন গাংনী উপজেলার একটি গ্রামে অভিযুক্ত শাকিল হোসেন একই গ্রামের নয় বছরের এক শিশুকে ভয় দেখিয়ে পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হিসেবে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানির পর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দেন।
মামলাটিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন এবং অভিযুক্তের আইনজীবী হিসেবে ছিলেন মারুফ আহমেদ বিজন। মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে ঘোষণা করা হয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্ট। অভিযুক্তের আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, আমরা এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করব।