দেশজুড়ে

রামিসা হত্যা মামলায় আজ চার্জশিট দাখিল হতে পারে, তদন্ত চূড়ান্ত পর্যায়ে

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ আদালতে চার্জশিট দাখিল হতে পারে। ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট পাওয়ার পর তদন্ত প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এর আগে, গতকাল ধর্ষণ ও হত্যায় নিহত ৭ বছর বয়সী শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল শনিবার (২৩ মে) রাজধানীর মহাখালীতে এক কর্মশালায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ঈদের আগে চার্জশিট দাখিল করা গেলে ঈদের পরপরই বিচারিক প্রক্রিয়া শুরু করা যেতে পারে। তিনি বলেন, সরকার শুধু রামিসা নয়, অন্যান্য ধর্ষণের মামলাগুলোর ওপরও কড়া নজর রাখছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাড়ি থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মামলার প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানাকে ২০ মে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মহানগর ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন।