বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বাধার সম্মুখীন মন্ত্রী
পটুয়াখালীর বাউফলের বাগা এলাকায় লোহালিয়া নদীর ওপর সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার বাগা এলাকায়।
জানা গেছে, মন্ত্রীকে স্বাগত জানাতে বাগা ও ডুমকি প্রান্তে দুটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছিল। বাগা প্রান্তের মঞ্চটি তৈরি করেন পটুয়াখালী-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম মাসুদ। মন্ত্রী ফেরিযোগে নদী পার হয়ে বাগা প্রান্তের মঞ্চে গেলে বিএনপি নেতা ও কর্মীরা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে শুরু করেন। স্থানীয় বিএনপি নেতা ও কর্মীরা অভিযোগ করেছেন, মঞ্চের ব্যানারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছবি না থাকায় তারা প্রতিবাদ করেছেন।
সেই সময় এই আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শহিদুল ইসলামের অনুসারীদের সঙ্গে স্থানীয় জামায়াত নেতা ও কর্মীদের হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে নিরাপত্তাজনিত কারণে সেতু মন্ত্রী বগা প্রান্তের মঞ্চে না উঠে একটি সংক্ষিপ্ত সভায় অংশ নিতে ডুমকি প্রান্তের মঞ্চে চলে যান। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সেতু মন্ত্রীর আগমন উপলক্ষে বগা ও ডুমকি প্রান্তে দুটি মঞ্চ তৈরি করা হয়েছিল। ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি না থাকায় বিএনপি নেতা ও কর্মীরা রাস্তায় প্রতিবাদ জানান। মন্ত্রী বিষয়টি বুঝতে পারেন। মঞ্চে না গিয়ে সেতু নির্মাণের সম্ভাব্য সময় ও বিস্তারিত বিবরণ দিয়ে তিনি তার পরবর্তী যাত্রা শুরু করেন।

