নতুন হামলা হলে ৯০% ইউরেনিয়াম সমৃদ্ধ করবে ইরান: পার্লামেন্ট মুখপাত্র
ইরানের সংসদ মুখপাত্র ইব্রাহিম রেজাই সতর্ক করে বলেছেন, ইরান আবার আক্রান্ত হলে দেশটি ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, যা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রা বলে মনে করা হয়। আজ মঙ্গলবার (১২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন। রয়টার্স এ খবর জানিয়েছে। ইব্রাহিম রেজাই পোস্টে লিখেছেন, আরেকটি হামলার ঘটনা ঘটলে ইরানের অন্যতম একটি বিকল্প হতে পারে ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা। আমরা সংসদে বিষয়টি পর্যালোচনা করব।
মার্কিন প্রেসিডেন্ট গতকাল সোমবার (১১ মে) বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে রয়েছে, কারণ তিনি ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এর ফলে, চলমান সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা কতটা ভঙ্গুর, তা স্পষ্ট হয়ে উঠেছে। এর আগে জুনে ট্রাম্প বলেছিলেন, ১২ দিনের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, যা ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে ইরানের সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া সংঘাতের অবসানের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় পারমাণবিক বিষয়টি একটি প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। একদিকে তেহরান পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করতে চায়, অন্যদিকে ওয়াশিংটন ইরানকে অভ্যন্তরীণভাবে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার জন্য চাপ দিচ্ছে।

