রাজনীতি

সীমান্তে হত্যাকাণ্ড ও কাঁটাতারের বেড়া, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি

জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পটোয়ারি ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া ও সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি গতকাল সোমবার (১১ মে) তার ভেরিফাইড পেইজে এটি পোস্ট করেন। পাটোয়ারি লিখেছেন, “ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন কাঁটাতারের জন্য জমি বরাদ্দ এবং বিভাজন প্রাচীর নির্মাণের সাম্প্রতিক উদ্যোগটি শুধু দুই দেশের সম্পর্ক নিয়েই নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়েও নতুন উদ্বেগ তৈরি করেছে।”
তিনি সীমান্তকে “শুধু মানচিত্রের একটি রেখা নয়, বরং মানব জীবন, মানবাধিকার এবং পারিবারিক বন্ধনের সাথে সম্পর্কিত একটি বিষয়” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বছরের পর বছর ধরে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের হত্যাকে মানব বিবেকের প্রশ্ন হিসেবে তুলে ধরেছেন। পটোয়ারি আরও লিখেছেন, “আমরা বিশ্বাস করি যে একটি সভ্য বিশ্বে সীমান্ত ব্যবস্থাপনা ভয়, গুলি এবং বিভাজন প্রাচীরের মাধ্যমে হয় না; এটি পারস্পরিক শ্রদ্ধা, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল কূটনীতি দ্বারা পরিচালিত হওয়া উচিত।”
বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে শতবর্ষের ইতিহাস, সংস্কৃতি এবং মানবিক সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, “এমন কোনো পদক্ষেপ কাম্য নয় যা দুই দেশের মানুষের মধ্যে অবিশ্বাস ও দূরত্ব তৈরি করে।” বাংলাদেশ সরকারকে কঠোরভাবে আহ্বান জানিয়ে পটোয়ারি বলেন, “সীমান্তে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি জোরালোভাবে তুলে ধরতে হবে।”
স্ট্যাটাসের শেষে পটোয়ারি লিখেছেন, “আজ দক্ষিণ এশিয়ার প্রয়োজন সংহতি, সংঘাত নয়; সহযোগিতা, প্রাচীর নয়; বিশ্বাস, ভয় নয়। একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া কেবল মানবাধিকার, জনগণের মর্যাদা, ন্যায়বিচারভিত্তিক কূটনীতি এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই গড়ে তোলা সম্ভব।”