হরমুজ প্রণালীর জন্য ইরান নতুন নিয়ম
কৌশলগত হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের পারস্পরিক অবরোধের মধ্যে তেহরান নৌচলাচলের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে। এখন থেকে, এই জলপথ দিয়ে যাতায়াতের জন্য জাহাজগুলোকে পূর্বানুমতি নিতে হবে এবং একটি নির্দিষ্ট টোল বা ফি প্রদান করতে হবে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ জলপথের মাধ্যমে পরিবাহিত হয়, যা এখন তেহরানের সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে।
শিপিং জার্নাল ‘লয়েডস লিস্ট’-এর মতে, ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ (পিজিএসএ) একটি নতুন কাঠামো চালু করেছে। এর অধীনে, ট্রানজিটের অনুমোদন পেতে জাহাজগুলোকে ‘ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন’ নামক একটি ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে ৪০টিরও বেশি প্রশ্ন রয়েছে, যেখানে জাহাজের মালিকানা, বীমা, ক্রু বা নাবিকদের সম্পর্কে বিস্তারিত তথ্য এবং প্রস্তাবিত রুট সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করা বাধ্যতামূলক। এছাড়াও, তেহরানকে জাহাজের বর্তমান ও পূর্ববর্তী নাম, শনাক্তকরণ নম্বর, উৎস ও গন্তব্য এবং কার্গোর বিবরণ সম্পর্কেও জানাতে হবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে যে, হরমুজ প্রণালীর উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য এই বিশেষ ব্যবস্থাটি তৈরি করা হয়েছে। দেশটির সামরিক বাহিনী সতর্ক করেছে যে, যারা ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলবে, তাদের এই প্রণালী পার হতে চরম অসুবিধার সম্মুখীন হতে হবে। ভারত ও পাকিস্তানের মতো দেশগুলো ইতোমধ্যেই তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের পতাকাবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করার চেষ্টা করছে। তবে, ইরান ইঙ্গিত দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে এই পথ ব্যবহার করতে দেওয়া হবে না।
এদিকে, ওয়াশিংটন ইরানের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে। ট্রাম্প প্রশাসন জাহাজগুলোকে এই মাশুল পরিশোধ না করার জন্য সতর্ক করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাহরাইনের সঙ্গে মিলে জাতিসংঘে একটি প্রস্তাব পাসের উদ্যোগও নিয়েছে, যদিও রাশিয়া এই প্রস্তাবে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়েছে।
গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে এই জলপথে সৃষ্ট অচলাবস্থা বর্তমানে জ্বালানির মূল্য বাজার এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করছে। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন যে, তারা এই অঞ্চলে বিদেশি হস্তক্ষেপ বন্ধ করতে এবং একটি ‘শক্তিশালী ইরান’ গড়তে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে একটি প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করবেন।
সূত্র: এনডিটিভি।

