দেশজুড়ে

টাকা পাওনা নিয়ে মাদারিপুরে সংঘর্ষে ১ জনের মৃত্যু

টাকা পাওনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মাদারিপুরের রাজৈরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রহিম সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি গতকাল শনিবার (৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে চুন্নু ফকিরের চায়ের দোকানের সামনে ঘটে। নিহত রহিম সরদার কৃষ্ণপুর গ্রামের নিহত সোহরাব সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রহিম সরদার ঢাকায় একটি ভ্যানে পোলাও ভাত বিক্রি করতেন। টাকা পাওনা নিয়ে একই গ্রামের আসাদ বেপারি (৫০) ও তার ছেলে দিদার বেপারির (৩০) সঙ্গে তার তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রহিম সরদার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, ঘটনাটি মূলত টাকার লেনদেন সংক্রান্ত। তারা দুজন একসঙ্গে ব্যবসা করতেন। পাওনাদার আসাদ টাকা চাইতে গেলে তর্কাতর্কির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং রহিমকে ঘুষি মারেন। এতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।