পাকিস্তানে গাড়ি বোমা হামলায় অন্তত ১২ জন নিহত
পুলিশ ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি পুলিশ ফাঁড়িতে গাড়ি বোমা হামলায় অন্তত ১২ জন পুলিশ নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় গতকাল শনিবার (৯ মে) রাতে এই হামলাটি ঘটে।
পুলিশ কর্মকর্তা জাহিদ খান বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী ও বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তি একটি নিরাপত্তা ফাঁড়ির কাছে বিস্ফোরক বোঝাই একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়। এর কিছুক্ষণ পরেই একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিস্ফোরণের তীব্রতার কারণে নিরাপত্তা ফাঁড়িটি ধসে পড়ে।
পুলিশ আরও জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা এও আশঙ্কা করছে যে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে, ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট এই হামলার দায় স্বীকার করেছে।

