আন্তর্জাতিক

আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয়, উপস্থিত থাকবেন রাহুল গান্ধী

আজ এক নতুন ইতিহাস রচিত হতে চলেছে। দক্ষিণ ভারতীয় মহাতারকা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ‘থালাপথি’ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। এই জমকালো শপথগ্রহণ অনুষ্ঠানটি আজ রবিবার (১০ই মে) সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে তামিলনাড়ুর রাজনীতিতে গত পাঁচ দশক (৫০ বছর) ধরে চলা দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে)-এর দ্বিমেরু শাসনের অবসান ঘটবে।
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী তামিলনাড়ুর ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী থালাপথি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নির্ধারিত আছে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয়ের আমন্ত্রণে এবং নবগঠিত জোট সরকারের অংশীদার হিসেবে কংগ্রেস নেতার এই সফর ভারতীয় রাজনীতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। এটিকে বিজয়ের নতুন সরকারের প্রতি কংগ্রেসের পূর্ণ সমর্থনের একটি জোরালো বার্তা হিসেবে দেখা হচ্ছে। রুপালি পর্দার ‘থালাপটি’ এখন একজন সত্যিকারের ‘জনগণের নেতা’ হিসেবে সচিবালয়ে প্রবেশ করছেন—এই দৃশ্য প্রত্যক্ষ করতে হাজার হাজার মানুষ জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভিড় জমিয়েছেন।