বিবিধ

ঝিনাইদহে মোটরসাইকেল চুরির সময় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঝিনাইদহে মোটরসাইকেল চুরির সময় মাইক্রোবাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি গতকাল রবিবার (৩ মে) রাতে সদর উপজেলার নগরবাথান এলাকায় ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার সাধুহাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে মাসুদ হোসেন রাত ৮টার দিকে ঝিনাইদহ শহরের পাগলকানাই এলাকার রাসেল নামের এক যুবকের কাছ থেকে একটি মোটরসাইকেল চুরি করছিলেন।
পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। মাসুদ রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।