বিবিধ

৬ দিন পর কলাবাগান থেকে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর রেললাইনের পাশের কলাবাগান থেকে ইরিন আক্তার (৭) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জেলার সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা এলাকায়।
মৃত ইরিন গেরদা ইউনিয়নের বুকাইল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও রিকশাচালক বাকা মিয়ার মেয়ে এবং বুকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই ইরিন নিখোঁজ ছিল। পরে আত্মীয়রা বিভিন্ন জায়গায় তার খোঁজ করলে তার বাবা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
আজ সকালে রেললাইন থেকে দুর্গন্ধ পেয়ে কাফুরা এলাকার একটি কলাবাগান থেকে স্থানীয়রা শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, শিশুটির মরদেহ পচে গিয়েছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।