পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
পটুয়াখালীতে বজ্রপাতে নারী ও কৃষকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৯ এপ্রিল) কলাপাড়া উপজেলায় ৩ জন এবং রাঙ্গাবালী উপজেলায় ১ জন মারা গেছেন বলে সংশ্লিষ্ট উপজেলাগুলোর নির্বাহী কর্মকর্তারা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন জহির উদ্দিন (২৮), সেতারা বেগম (৫৫), খালেক হাওলাদার (৫৫) এবং সৌরভ মজুমদার (২২)। স্থানীয়রা জানান, বৃষ্টি ও বজ্রপাতের সময় অসচেতনতার কারণে বাড়ির বাইরে থাকায় তাদের মৃত্যু হয়েছে।
কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মারুফ বিল্লাহ জানান, মঙ্গলবার ও বুধবার বজ্রপাতে ক্ষতিগ্রস্ত কৃষকসহ ২৩ জনের একটি তালিকা পাওয়া গেছে এবং মোট ২৯টি গরু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেছেন, বজ্রপাতে নিহতদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

