আন্তর্জাতিক

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে দুই ইসরায়েলি সৈন্য নিহত, আইডিএফের দাবি

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গত দুই দিনে অন্তত দুই ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। এর ফলে চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে নিহত ইসরায়েলি সৈন্যের মোট সংখ্যা অন্তত ১৫-তে পৌঁছেছে।
আইডিএফের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রিজার্ভ সার্জেন্ট ফার্স্ট ক্লাস লিডার পোরাত (৩১) গতকাল শনিবার নিহত হন। এর একদিন আগে রিজার্ভ সার্জেন্ট মেজর বারাক কালফন নিহত হন। আইডিএফ আরও জানিয়েছে যে, দুটি পৃথক ঘটনায় আরও ১২ জন সৈন্য আহত হয়েছেন, তবে ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি।
সম্প্রতি কার্যকর হওয়া ১০ দিনের যুদ্ধবিরতির মধ্যেই এই নতুন হতাহতের ঘটনা ঘটল। এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দাবি করেছেন যে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একজন ফরাসি সদস্য নিহত হয়েছেন।