আন্তর্জাতিক

মার্কিন-ইসরায়েল আগ্রাসন বন্ধের দাবিতে ফ্রান্সে তোলপাড়

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েল আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে ফ্রান্স উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেলে প্যারিসসহ প্রধান শহরগুলোতে বড় ধরনের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। প্যারিসের মেনিলমঁতাঁ এলাকায় শুরু হওয়া এই কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নেন। প্রবাসী আরব, আফ্রিকান ও ইউরোপীয়দের পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় ফরাসি নাগরিকও এতে যোগ দেন।
প্যারিস ছাড়াও ভিশি, মার্সেই, লা সিওতা এবং নান্ত শহরেও একই সময়ে বিক্ষোভের খবর পাওয়া গেছে। সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি পতাকা এবং বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করছিলেন। বিক্ষোভকারীরা ‘আমরা শান্তি চাই’, ‘আমরা ফিলিস্তিনের মুক্তি চাই’ এবং ‘যুদ্ধ বন্ধ করুন’-এর মতো স্লোগান দেন। বক্তারা বলেন যে, মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতায় মানবাধিকার গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে।
তাঁরা নিরীহ মানুষের জীবন বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিক্ষোভকারীরা একটি স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধানের গুরুত্বের ওপর জোর দেন। বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বজায় রাখতে শহরজুড়ে আইন প্রয়োগকারী সংস্থার অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক বৈশ্বিক উদ্বেগের অংশ হিসেবে ফ্রান্সে এই সংহতি সমাবেশের আয়োজন করা হয়েছিল।