আতিকা হত্যা নিয়ে মানিকগঞ্জে সংঘর্ষ, গণপিটুনিতে ২ জন নিহত
সাত বছরের এক শিশুকন্যাকে হত্যার জেরে মানিকগঞ্জের সদর উপজেলায় উত্তেজিত জনতার গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন। গণপিটুনিতে নিহতরা হলেন সন্দেহভাজন কিশোর নাঈমের বাবা পান্নু এবং তার চাচা ফারুক। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সদর উপজেলার বানপারিল গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, পাশের দুদল মিয়া স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী আতিকা আক্তার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয়।
পরে সন্দেহভাজন নাঈমকে জিজ্ঞাসাবাদের সময় একটি ভুট্টা ক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর নাঈম ভিড়ের মধ্যে পালিয়ে গেলে উত্তেজিত জনতা তার বাড়িতে হামলা চালায়। উত্তেজিত জনতা নাঈমের পরিবারের সদস্যদের ধাওয়া করে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তার বাবা ও চাচা নিহত হন। পরে একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকার পরিস্থিতি উত্তপ্ত এবং এই ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

