বিবিধ

নারায়ণগঞ্জের হ্রদে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের জাল্লারপার সিটি পার্কের হ্রদে ডুবে মারা গেছে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামের দুই শিশু। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত দুই শিশু সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের সন্তান। তারা নারায়ণগঞ্জের কাশিপুরের খিলমার্কেট এলাকায় আলমাস মিয়ার একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকত।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাই বিকেলে একটি মেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যার পরেও তারা না ফেরায় তাদের আত্মীয়রা চিন্তিত হয়ে পড়েন।
দীর্ঘ খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা সিটি পার্ক হ্রদের তীরে তাদের জামাকাপড় ও জুতো খুঁজে পান। সন্দেহ হলে স্থানীয়দের খবর দেওয়া হয় এবং হ্রদে তল্লাশি শুরু করা হয়। তল্লাশির এক পর্যায়ে বড় ভাই আল আমিন এবং কিছুক্ষণ পর ছোট ভাই ইব্রাহিমকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা উভয়কে মৃত ঘোষণা করেন।
পার্ক সংলগ্ন এলাকার এক বাসিন্দা জানান, সন্ধ্যা থেকে দুই শিশুর আত্মীয়রা লেকের ধারে কাঁদছিলেন। পরে স্থানীয়রা পানিতে নেমে তাদের খুঁজে বের করে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এম এ মান্নান জানান, দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিস্তারিত জানা যাবে।