বিবিধ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আসাদুল্লাহ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার আরশিনগর এলাকায় ঢাকা অভিমুখী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে। আসাদুল্লাহ রায়পুরা উপজেলার বাঁশগাড়ি গ্রামের মনির মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আজ বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি নরসিংদীর ওপর দিয়ে যাচ্ছিল। সে সময় আরশিনগর এলাকায় রেললাইনের ওপর দিয়ে অসতর্কভাবে চলার সময় ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দিলীপ চন্দ্র সরকার জানিয়েছেন যে, প্রাথমিকভাবে মৃতের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা পৌঁছালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।