মেহেরপুরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সুফিয়া খাতুন নামের ৬০ বছর বয়সী এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবার জানিয়েছে, দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে বাড়ির ছাদ থেকে ঝুলিয়ে দিয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে পুলিশ উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামে তার বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত সুফিয়া খাতুন ওই গ্রামের খেদের আলীর স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, খেদের আলীর ভাই আখের আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। তারা মনে করছেন, সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
খবর পেয়ে মুজিবনগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ঘটনাটির তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

