দেশজুড়ে

পুলিশের ভয়ে ইয়াবা গিলে অজ্ঞান হলেন মাদক ব্যবসায়ী

বরিশাল জেলার গৌরনদীতে পুলিশের এক অভিযান চলাকালে ইয়াবা গিলে অজ্ঞান হয়ে পড়েন সানওয়ার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী। পরে তাকে উদ্ধার করে পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে গতকাল রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তোরকি বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায়।
পুলিশ জানায়, সানওয়ার হোসেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরোড়ি এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত। থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানান, নীলখোলা এলাকায় একটি মাদকবিরোধী অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে সানওয়ারকে থামানোর নির্দেশ দেওয়া হলে পুলিশ তাকে আটক করে। এক পর্যায়ে সে দক্ষতার সাথে প্রায় ১০ থেকে ১২টি ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলে। এরপর সে অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান হারায়।
পরে তার দেহ তল্লাশি করে আরও কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ওই ব্যক্তি বর্তমানে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে আদালতে পাঠানো হবে।