মার্কিন রাষ্ট্রদূত সড়ক পরিবহন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সড়ক পরিবহন এবং সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রবিবার (১২ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে বাংলাদেশের সড়ক, রেল ও নৌপরিবহন খাতের চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠক চলাকালে সড়কমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও টেকসই করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এই খাতে সম্ভাব্য মার্কিন বিনিয়োগ ও কারিগরি সহায়তা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, সড়ক নিরাপত্তা, আধুনিক পরিবহন ব্যবস্থা এবং টেকসই অবকাঠামো উন্নয়নে মার্কিন সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বাংলাদেশের যোগাযোগ খাতকে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং কারিগরি জ্ঞান বিনিময়ে আগ্রহ প্রকাশ করেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

