দেশজুড়ে

ফেসবুক লাইভে বাবা ও দুই ছেলের বিষপান

ফেসবুক লাইভে এক বাবা নিজে বিষপান করে নিজের দুই ছেলেকেও বিষপান করান। তার নাম রাকিব। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় ঝালকাঠি শহরের সুতালদি এলাকায় নিজের বাড়িতে তিনি এই ঘটনা ঘটান। ঘটনার সময় রাকিব ফেসবুক লাইভে একজনের নাম উল্লেখ করে বলেন, ‘সাগর, তুমি নিজের স্বার্থে সবকিছু করতে পারো।
তুমি নিজেকে প্রতিষ্ঠিত করেছো। আমাদের কোনো খোঁজ রাখোনি। আমি দুঃখ ও কষ্টের মধ্যে চলে গিয়েছিলাম। শান্তির জগতে তুমি একা, আমি শান্তি তৈরি করেছিলাম। আমরা সবাই চলে গেলাম।’ পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনার সময় রাকিবের স্ত্রী বাড়িতে ছিলেন না।
রাকিবের প্রতিবেশী জুয়েল বলেন, আমরা সন্ধ্যায় (মাগরিবের ঠিক আগে) রাকিবের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে ছুটে গিয়ে দেখি রাকিব, তার ছেলে নিবির ও আবির তিনজনই ছোটাছুটি করছে। বিষের গন্ধ পেয়ে অন্য প্রতিবেশীদের সহায়তায় তাদেরকে সাথে সাথে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনজনই বর্তমানে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, ফেসবুক লাইভে সাগর নামের যে ব্যক্তির কথা রাকিবের উল্লেখ করেছেন, রাকিবের ঘনিষ্ঠ এমন কাউকে তিনি চেনেন না। আমি সাগর নামের কোনো ব্যক্তিকে রাকিবের সঙ্গে হাঁটতে দেখিনি। নলচিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”