এখন পর্যন্ত অভিযানে প্রায় ৩ লাখ মেট্রিক টন জ্বালানি উদ্ধার, ১২৪৪টি মামলা
জ্বালানি সংকট নেই দাবি করে জ্বালানি অধিদপ্তরের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেন, এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন ডিজেল, ৭ হাজার ৯৪০ মেট্রিক টন অকটেন এবং ১১ হাজার ৪৩১ মেট্রিক টন পেট্রোল মজুত রয়েছে। জেট ফুয়েলেরও পর্যাপ্ত মজুত আছে। এখন পর্যন্ত বিভিন্ন অভিযানে ২ লাখ ৯৬ হাজার মেট্রিক টন জ্বালানি উদ্ধার করা হয়েছে। এছাড়া ১২৪৪টি মামলা দায়ের করা হয়েছে এবং ৪৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি এসব মন্তব্য করেন। মনির হোসেন চৌধুরী উল্লেখ করেন, গত বছরও ডিপোগুলোতে একই পরিমাণ জ্বালানি সরবরাহ করা হয়েছিল এবং এ বছরও একই পরিমাণ সরবরাহ করা হচ্ছে। তার মতে, মজুত ধরে রাখার জন্য একটি কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। তিনি বলেন, ডিপো থেকে জ্বালানি না পাওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পেলে সরকার ব্যবস্থা নেবে। জ্বালানি বিভাগের মুখপাত্র জানান, এই সপ্তাহে নির্দিষ্ট কিছু যানবাহনের জন্য ফুয়েল কার্ড ইস্যু করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে, এই কার্ডগুলোর বিতরণ প্রক্রিয়া জটিল হওয়ায় স্বল্প সময়ের মধ্যে সব যানবাহনকে তা দেওয়া সম্ভব নয়।

