বিবিধ

দিনাজপুরে বিকল ট্রাকের ধাক্কায় সহকারীর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি বিকল ট্রাকের পেছনে দ্রুতগামী আরেকটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারী অপন চন্দ্র দাস (২৬) ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় ট্রাক চালক বিকাশ চন্দ্র দাস (৩০) আহত হয়েছেন। গতকাল রবিবার (২৯ মার্চ) ভোর আড়াইটার দিকে শহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত অপন চন্দ্র দাস নীলফামারী উপজেলার ডিমলা কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক বিকাশ চন্দ্র দাস তার শ্যালক বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে পাবনা যাওয়ার পথে বালুবোঝাই একটি ট্রাক রাস্তায় বিকল হয়ে গেলে চালক ও সহকারী সেটি মেরামত করতে শুরু করেন। সেই সময় বগুড়া অভিমুখী গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক হঠাৎ রাস্তায় বিকল হয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটির সহকারী কেবিনের ভেতরে আটকা পড়েন।
পরে স্থানীয় লোকজন পুলিশ ও দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুমড়ানো-মুচড়ে যাওয়া ট্রাকের কেবিন থেকে চালকের সহকারীর মরদেহ উদ্ধার করেন এবং আহত চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাকই আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।