দেশজুড়ে

নাটোরে অবৈধভাবে ১১,০০০ লিটার তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

নাটোরের সিংড়ায় অবৈধভাবে ১১,০০০ লিটার ডিজেল, অকটেন ও পেট্রোল মজুত করায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে একটি ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার শেরকল বাজারের আশা ট্রেডার্সের মালিক আলতাফ শেখের ওপর এই জরিমানা আরোপ করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, চলমান জ্বালানি সংকটের মধ্যে অবৈধভাবে তেল মজুত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলার শেরকল বাজারের মেসার্স আশা ট্রেডার্সে অভিযান চালানো হয়। সে সময় সেখান থেকে অবৈধভাবে মজুত করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল ও ২ ব্যারেল লুব্রিকেন্ট উদ্ধার করা হয়। সেখানে ১১,০০০ লিটারের বেশি জ্বালানি তেল পাওয়া যায়। তখন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মেসার্স আশা ট্রেডার্সের মালিক আলতাফ শেখকে অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় ১ লাখ টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি আরও বলেন, এই জ্বালানি তেল বিক্রির জন্য উপজেলা প্রশাসন থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে।