ফেনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু
ফেনীর দাগনভূঁইয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেয়ে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গতকাল রোববার (১৫ মার্চ) রাত ১১টার দিকে ফেনী-দাগনভূঁইয়া সড়কের মোল্লাঘাটায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার বারোয়ানী এলাহীগঞ্জ গ্রামের নেজাম উদ্দিনের ছেলে মোটরসাইকেল চালক নাজমুল হাসান (২৫) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ শ্রীপুর গ্রামের শওকত আলীর ছেলে পথচারী হাবিজুর রহমান (৪৫)। আহত মোটরসাইকেল আরোহী মেহেদী হাসানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
দাগনভূঁইয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলে রাব্বি জানান, দুর্ঘটনার পরপরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শীরা তাকে জানান, নাজমুল হাসান দাগনভূঁইয়া থেকে ফেনী যাচ্ছিলেন, তার পেছনে একজন যাত্রী ছিল। দ্রুতগতির কারণে নাজমুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মোল্লাঘাটায় একজন পথচারীকে ধাক্কা দেন এবং রাস্তার ডিভাইডারে ধাক্কা মারেন। এতে পথচারী হাবিজুর ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে নাজমুল মারা যান।
পুলিশ কর্মকর্তা জানান, লাশ ফেনী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত নাজমুল হাসান একজন প্রবাসী এবং হাবিজুর রহমান একজন ব্যবসায়ী।

