আন্তর্জাতিক

সতর্কীকরণ সত্ত্বেও সৌদি তেলক্ষেত্রে হামলা চালিয়েছে ইরান

সৌদি আরবের অন্যতম বৃহৎ তেলক্ষেত্র শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ইরান আবারও ড্রোন হামলা চালিয়েছে। আজ সোমবার (৯ মার্চ) ভোরে সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে ৪টি বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। আল জাজিরা জানিয়েছে।
তবে, সৌদি আরব তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তেলক্ষেত্রে আঘাত হানার আগেই ওই ড্রোনগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের আক্রমণ শুরু করার পর থেকে, গত ৯ দিন ধরে ইরান আমেরিকার মিত্র আরব দেশগুলিতে মার্কিন সামরিক ঘাঁটি, স্থাপনা এবং তেল স্থাপনা লক্ষ্য করে একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
৯ দিনে শায়বাহ তেলক্ষেত্রে তিনটি হামলার পর গতকাল রবিবার সৌদি আরব ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, ইরান যদি প্রতিবেশী দেশগুলির তেলক্ষেত্রে আক্রমণ চালিয়ে যেতে থাকে, তাহলে চলমান যুদ্ধে দেশটির সবচেয়ে বড় পরাজয় হবে। তবে, ইরান এই সতর্কবার্তা উপেক্ষা করে চতুর্থবারের মতো শায়বাহ তেলক্ষেত্রে আক্রমণ করে।