রাজনীতি

চাঁদা না চেয়ে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসুন: রফিকুল

জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নবনির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাস, ট্রাক, অটোরিকশা ও ভ্যান চালকদের কাছ থেকে টাকা না চেয়ে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসুন। এ দেশের মানুষ চাঁদাবাজি পছন্দ করে না। চাঁদাবাজি বন্ধ করতে হলে কুরআনের আইন বাস্তবায়ন করতে হবে।
গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, নবী (সা.)-এর আদর্শ বাস্তবায়নের জন্য সকল মালিক ও শ্রমিককে একযোগে কাজ করতে হবে। শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের পাওনা পরিশোধ করতে হবে। এ দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই তাদের প্রশংসা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি বাবুল আখতারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, সংগঠনের প্রাক্তন আমীর আবদুস সামাদ মিয়া, সম্পাদক খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল রবি, পৌর জামায়াতের আমীর আব্দুল করিম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সলঙ্গা থানা শাখার সভাপতি আইয়ুব আলী।