মুন্সীগঞ্জে চুরির অভিযোগে ২ জনকে পিটিয়ে হত্যা
মুন্সীগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ৩ জনকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার (৪ মার্চ) ভোরে হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন গোয়ালিমন্দ্রের বেদে পল্লীর ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) এবং শহিদুলের ছেলে মো. ছানারুল (৩০)।
স্থানীয়রা জানিয়েছেন, কমিউনিটি ক্লিনিক থেকে বৈদ্যুতিক তার চুরি করার সময় স্থানীয়রা দুজনকে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে গুরুতর আহত করে। পরে সকালে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, দুই সপ্তাহ আগে সাতঘরিয়া এলাকার একটি খামার থেকে লক্ষ লক্ষ টাকার ছাগল চুরি হয়েছিল। এই ঘটনায় স্থানীয়রা নিহত দুজনকে সন্দেহ করছেন। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, ঘটনার পর তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অভিযান চলছে।

