সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন- ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন যে, আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট এবং জাতীয় নির্বাচনে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মো. সানাউল্লাহ বলেন, মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কোনও সমস্যা হবে না। এর আগে, গতকাল রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে যে, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে যে, শুধুমাত্র প্রিসাইডিং অফিসার, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং দুইজন নির্দিষ্ট আনসার সদস্য (অ্যাপ ব্যবহারের জন্য) মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

