দেশজুড়ে

ধানমন্ডি ৩২ থেকে ‘সন্দেহভাজন’ কিশোর গ্রেফতার

রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকা থেকে এক ‘সন্দেহভাজন’ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত কিশোরের বয়স ১৪ বছর। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ঘটনাস্থলে দেখা যায়, কিশোরটি প্যান্ট, কোট এবং টাই পরে ছিল এবং তার সাথে একটি ব্যাগ ছিল। পরে তাকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, কিশোরের আচরণ সন্দেহজনক এবং তার বক্তব্যও বিভ্রান্তিকর। সে কখনও নিজেকে ছাত্র হিসেবে, কখনও ছাত্রদল হিসেবে, কখনও ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দিত।
তিনি আরও বলেন, কিশোরের ব্যাগে পাওয়া নথিপত্র এবং অন্যান্য প্রমাণ দেখে মনে হচ্ছে সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে যুক্ত। উল্লেখ্য, আজ আওয়ামী লীগের অনলাইনে ‘ঢাকা লকডাউন’ ঘোষণা ঠেকাতে আইন প্রয়োগকারী সংস্থাগুলি কঠোর অবস্থান নিয়েছে। নাশকতার চেষ্টার অভিযোগে সন্দেহভাজন যে কাউকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে।