আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা ও অগ্নিসংযোগ, কমপক্ষে ৪ জন নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গির্জায় বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। কমপক্ষে ৮ জন গুরুতর আহত হয়েছেন। আল জাজিরার খবর।
গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) মিশিগানের শহরতলির গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে অবস্থিত ল্যাটার-ডে সেন্টস-এর জেসাস ক্রাইস্ট চার্চে এই হামলা চালানো হয়।
হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। ৪০ বছর বয়সী হামলাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড।
সেদিন সাপ্তাহিক প্রার্থনার জন্য শত শত মানুষ গির্জায় জড়ো হয়েছিল। সেই সময়, একজন বন্দুকধারী একটি গাড়ি চালিয়ে গির্জার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। গাড়ি থেকে নামার সাথে সাথেই সে নির্বিচারে গুলি চালাতে শুরু করে, এতে বেশ কয়েকজন আহত হয়।
এক পর্যায়ে, হামলাকারী গির্জা ভবনে আগুন ধরিয়ে দেয়। ফলে গির্জা ভবনের একটি অংশ পুড়ে যায় এবং ধসে পড়ে।
খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বন্দুকধারী ও পুলিশের মধ্যে কিছুক্ষণের জন্য গুলি বিনিময় হয়। হামলাকারী ঘটনাস্থলেই মারা যান।
কর্মকর্তারা জানিয়েছেন, গুলিতে দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন। কয়েক ঘন্টা পর পুড়ে যাওয়া গির্জা থেকে আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গির্জাটি এখনও পরিষ্কার করা হয়নি এবং আশঙ্কা করা হচ্ছে আরও মৃতদেহ থাকতে পারে।