হরমুজে জাহাজ থেকে মাশুল আদায়ের অনুমতি দেওয়া হবে না ইরান: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান কোনো মাশুল আদায় করতে পারবে না। হরমুজ প্রণালীতে আগের মতো সম্পূর্ণ অবাধ নৌচলাচল ফিরিয়ে আনতে ইরান রাজি হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন যে, এই জলপথ ব্যবহারকারী জাহাজ থেকে ইরানকে কোনো অর্থ আদায়ের অনুমতি দেওয়া হবে না।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি তাদের (ইরানকে) মাশুল আদায়ের অনুমতি দেব না। যদি কেউ মাশুল আদায় করে, তবে আমরা তা করব। হরমুজের ওপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।” তবে, মার্কিন প্রেসিডেন্ট এও বলেন যে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো মাশুল আদায়ের বিষয়টি এখন আলোচনার অধীনে নেই। ট্রাম্প বলেন, “আমরা কোনো মাশুল আদায়ের বিষয়ে কথা বলছি না।”

