হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বালুবোঝাই ড্রাম ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি আজ বুধবার (১০ জুন) সকালে উপজেলার দক্ষিণ বেজুরা এলাকায় ঘটে। নিহতরা হলেন উপজেলার বেঙ্গডোবা এলাকার বাবু মিয়ার ছেলে সিএনজি চালক আক্কাস মিয়া (৩৮) এবং একই এলাকার নিহত কামরুল হাসানের স্ত্রী যাত্রী মনোয়ারা বেগম (৭০)।
স্থানীয়রা জানান, সকালে দক্ষিণ বেজুরা এলাকার একটি সেতুতে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা অন্য একটি সিএনজিকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে সিএনজি চালক আক্কাস মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তিন যাত্রীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত তাকলিমা বেগম ও লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

