লেবাননকে আরেকটি গাজা হতে দেওয়া যাবে না: স্লোভাক পররাষ্ট্রমন্ত্রী
স্লোভাক পররাষ্ট্রমন্ত্রী ইউরাই ব্লানার বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে না দিতে হলে লেবাননকে আরেকটি গাজা হতে দেওয়া যাবে না। একই সাথে, তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তি মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার (২৯ জুন) স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবেরেজের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে ব্লানার এই মন্তব্য করেন। স্লোভাক সংবাদ সংস্থা টিএএসআর-এর বরাত দিয়ে কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
ব্লানার বলেন, “আমরা চাই না লেবানন গাজার আরেকটি অংশ হয়ে উঠুক। তাই, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তিগুলো ইসরায়েলকেও মেনে চলতে হবে।” তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকট, বিশেষ করে গাজা উপত্যকা ও ইরানকে ঘিরে উত্তেজনা, সামরিক শক্তি দিয়ে নয়, বরং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমাধান করা যেতে পারে।
স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, আন্তর্জাতিক সংঘাত মোকাবেলার ক্ষেত্রে স্লোভাকিয়া ও স্পেনের অবস্থান প্রায় একই। উভয় দেশই সংলাপ, কূটনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সংকট সমাধানের পক্ষে। তিনি বলেন, সংঘাত নিরসনে আলোচনার পথ খোলা রাখা এবং সকল পক্ষের দ্বারা আন্তর্জাতিক চুক্তিসমূহকে সম্মান করা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্ল্যানারের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন গাজা যুদ্ধের পাশাপাশি লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। একই সময়ে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি বাস্তবায়নের জন্য কূটনৈতিক তৎপরতাও চলছে। এমন প্রেক্ষাপটে, বিভিন্ন ইউরোপীয় দেশ মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে একটি শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিচ্ছে।

