জাতীয়

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রী নাহিদা বৃষ্টি মারা গেছেন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রী নাহিদা সুলতানা বৃষ্টি মারা গেছেন। তার বড় ভাই জাহিদ হাসান প্রান্ত এই খবর নিশ্চিত করেছেন। তিনি আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এ তথ্য জানান। জাহিদ হাসান প্রান্ত ফেসবুক পোস্টে লিখেছেন, “আমাদের বোন আর আমাদের মাঝে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রো) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের সাবেক ছাত্রী ছিলেন। এর আগে, পুলিশ নিখোঁজ আরেক ছাত্র জামিল লিমনের বিকৃত লাশ উদ্ধার করে। স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের হিলসবোরোর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এক সংবাদ সম্মেলনে জানায়, ফ্লোরিডার টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে জামিলের লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত জামিল লিমন যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। অন্যদিকে, নাহিদা রাসায়নিক প্রকৌশলে ডক্টরাল গবেষণায় নিযুক্ত ছিলেন। পুলিশ জানিয়েছে, জামিল আহমেদ লিমনকে সর্বশেষ গত ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে টাম্পায় তার বাড়িতে দেখা গিয়েছিল। এরপর থেকে তার পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। অন্যদিকে, নাহিদা সুলতানা বৃষ্টিকেও সর্বশেষ একই দিনে সকাল ১০টার দিকে দেখা গিয়েছিল। সে সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ও পরিবেশ বিজ্ঞান ভবনে ছিলেন।