বিবিধ

ময়মনসিংহে ট্রাক দুর্ঘটনায় ইজি বাইকের ৩ যাত্রী নিহত

ময়মনসিংহে ট্রাক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহত ও আহত সবাই ব্যাটারিচালিত ইজি বাইকের যাত্রী ছিলেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সংলগ্ন ট্রাক ডিপোর সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন জেলার সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকন্দ উপজেলার দাদরা গ্রামের এ. মোতালেবের মেয়ে শীলা আক্তার (২৫) এবং মহানগরের জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক এসআই খালিদ তিনজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শম্ভুগঞ্জ থেকে যাত্রীসহ একটি ইজি বাইক কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে পল্লী বিদ্যুৎ অফিসের পাশের ট্রাক ডিপো থেকে বেরিয়ে আসা একটি ট্রাক ইজি বাইকটিকে ধাক্কা দেয়।
দেবরাজ ঘোষ নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। অটোচালকসহ আরও চারজন আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শীলা আক্তার ও আবেদা খাতুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, অটোচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান।
এসআই খালিদ জানান, ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া, হাসপাতালে মৃত দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।