রাজনীতি

বিএনপির ৬ নেতা বহিষ্কৃত

গাজীপুরের শ্রীপুরে একটি স্কুলের বিদায় অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের দায়ে উপজেলা বিএনপি ৬ নেতাকে বহিষ্কার করেছে। আজ বুধবার (২২ এপ্রিল) শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব এবং সদস্য সম্পাদক খায়রুল কবির মণ্ডল আজাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতরা গত ১৯ এপ্রিল উপজেলার বাঁশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি করেন এবং শিক্ষকদের সঙ্গে অত্যন্ত অশালীন আচরণ করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এই কার্যকলাপগুলো দলের আদর্শ, লক্ষ্য ও স্বার্থের পরিপন্থী এবং চরম শৃঙ্খলাভঙ্গের শামিল।
সুতরাং, অভিযুক্ত ৬ জন বিএনপি নেতাকে প্রাথমিক সদস্যপদসহ গাজীপুর ইউনিয়নের সকল পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সদস্যরা হলেন: গাজীপুর ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. সারওয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক হাসমত আলী হাসু, সাবেক সদস্য আরমান আলী, মো. মাহবুব আলম ও রফিকুল ইসলাম।