বদলগাছিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, খবর শুনে ছাত্রীর মৃত্যু
নওগাঁর বদলগাছি উপজেলায় একটি সিএনজি চালিত অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের সংঘর্ষে উম্মে কুলসুম নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর শুনে ওই শিক্ষিকার ছাত্রী তাসনিমেরও মৃত্যু হয়। আজ মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার চাকরাইল বাট্টালি মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত উম্মে কুলসুম উপজেলা সদরের দরগাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
তিনি বদলগাছি লাবণ্য, প্রভা ও কমিউনিটি গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। নিহত তাসনিম একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার গোরশাহী এলাকা থেকে দুই যাত্রীসহ একটি অটোরিকশা রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছিল। চকরাইল বাট্টালী মোড়ে পৌঁছালে মাতাজিহাট থেকে আসা একটি ধান মাড়াইয়ের মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই শিক্ষিকা উম্মে কুলসুম নিহত হন। এ ঘটনায় মমতাজ জাহান নামে আরেক শিক্ষিকা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে, শিক্ষিকার মৃত্যুর খবর শুনে তাসনিম অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। ছাত্রীর বাবা আবুল কালাম বলেন, “ফেসবুকে শিক্ষিকা কুলসুমের মৃত্যুর খবর দেখে আমার মেয়ে সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়। পরে তাকে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।”
বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসাদুজ্জামান নাহিদ বলেন, আকস্মিক কোনো ঘটনায় ছাত্রীটি জ্ঞান হারিয়ে থাকতে পারে। তবে, মৃত্যুর কারণ সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। একই স্কুলের এক ছাত্রের মৃত্যুর খবরও পাওয়া গেছে। বিষয়টি খুবই দুঃখজনক। দুর্ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।

