বিবিধ

নীলফামারীতে কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

নীলফামারীতে বিয়ের অনুষ্ঠান শেষে কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ শনিবার (১৮ জুলাই) ভোররাতে কিশোরগঞ্জ উপজেলা থেকে টেংনামরী সড়কের শালতিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকারুল ইসলামের ৭ মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার রাতে নীলফামারী সদর উপজেলার কাচুকাটা বন্দরপাড়া এলাকা থেকে ১৫ থেকে ১৬ জন বিয়ের অতিথি নিয়ে একটি মাইক্রোবাস কিশোরগঞ্জ উপজেলার যুগিপাড়ায় যায়। বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার ভোররাতে কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে শালতিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মাইক্রোবাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এ সময় সাত মাস বয়সী শিশু জীবন ও এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে অন্তত ১২ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ প্রসঙ্গে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, আইনানুগ প্রক্রিয়ায় দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।