জাতীয়

নারী ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

বাংলাদেশ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী, শান্তি ও নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে ইউএন উইমেনের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে চায়। এ লক্ষ্যে সংস্থাটির সহযোগিতা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার (১৯ জুন) নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সীমা বাহুসের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদ ইসলাম।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে নারী ক্ষমতায়নের জন্য কাজ করে আসছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে দেশে নারীদের জন্য বিনামূল্যে শিক্ষা চালু করা হয়েছিল। এছাড়া, বর্তমান সরকারের অধীনে স্নাতকোত্তর স্তর পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষা, প্রজনন স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সীমা বাহুস নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতায় বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন। একই সাথে, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান। এ সময়, ইউএন উইমেন ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করে। সীমা বাহুস শান্তি প্রতিষ্ঠা এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী নারীদের অবদানেরও প্রশংসা করেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য মানবিক সহায়তায় তহবিলের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান এবং তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের বিষয়ে অব্যাহত আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।