ইরান প্রসঙ্গে সুসংবাদের ইঙ্গিত দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কিছু সুসংবাদ পাওয়া গেছে। তবে, তিনি এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি বলে রয়টার্স জানিয়েছে। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ কথা বলেন।
ট্রাম্প বলেন, “আমি ২০ মিনিট আগে একটি খুব ভালো খবর পেয়েছি। মনে হচ্ছে, ইরান ইস্যুর পরিস্থিতি একটি ভালো দিকে এগোচ্ছে।” তিনি আরও বলেন, “আপনারা শীঘ্রই জানতে পারবেন। আমার মনে হয়, এটাই যুক্তিসঙ্গত। আমার ধারণা, এটা ঘটবে। দেখা যাক কী হয়।”
তবে, ট্রাম্প কী ধরনের সুসংবাদ পেয়েছেন জানতে চাইলে তিনি কোনো ব্যাখ্যা দেননি। এর আগে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল যে, ইরানের পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে কূটনৈতিক ও নিরাপত্তা পর্যায়ে আলোচনা চলছে।

