শিক্ষা

ইউআইটিএস- এর ল’লেকচারে: গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার  মূল ভিত্তি জনকল্যাণমুখী আইন প্রণয়ন ব্যবস্থা

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার মূল ভিত্তি জনকল্যাণমুখী ও সুস্পষ্ট আইন প্রণয়ন ব্যবস্থা করা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান।

বৃহস্পতিবার সকালে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর আইন অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে ‘বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া’ শীর্ষক একটি বিশেষ ল’লেকচারে তিনি এ কথা বলেন ।

‘ইউআইটিএস’ এর আইন অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। অনুষ্ঠানে কি-নোট স্পিকার (মূল বক্তা) হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রাক্তন ডিন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিআইএলআইএ) এর চেয়ারম্যান অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান।

অনুষ্ঠানে মূল বক্তার বক্তব্যে অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান আইন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, তোমাদের সংসদীয় বিল থেকে শুরু করে চূড়ান্ত আইন প্রণয়নের প্রতিটি আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে গভীর জ্ঞান রাখা অত্যন্ত জরুরি। ড. খান বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। এছাড়াও আইনের সংজ্ঞা ও ব্যাপ্তি, বিচার বিভাগীয় ব্যাখ্যা, প্রথাগত আইন, অধ্যাদেশ জারি প্রক্রিয়া, রাষ্ট্রপতির আদেশ এই বিষয়গুলো নিয়েও তিনি আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া বলেন, ‘শিক্ষার্থীদের তত্ত্বগত শিক্ষার পাশাপাশি আইনি বিষয়ের বাস্তব প্রয়োগ ও কার্যপ্রণালী সম্পর্কে সম্যক ধারণা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন আমাদের শিক্ষার্থীদের পেশাগত জীবনে দক্ষতা অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, ‘আইনের সঠিক চর্চা ও প্রয়োগ নিশ্চিত করতে হলে আইনি ভিত্তি মজবুত করা প্রয়োজন। আমাদের শিক্ষার্থীরা যাতে আইনি পেশায় আন্তর্জাতিক মানে উন্নীত হতে পারে, সেই লক্ষ্যেই আইন অনুষদ নিয়মিত এমন অ্যাকাডেমিক আয়োজন করে আসছে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. সোহেল রানা। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, অনুষদের সম্মানীয় শিক্ষক মণ্ডলী এবং আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।